চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ব্যাংকার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

লোহাগাড়ায় এক ব্যাংকার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যাংকার জাহেদ হোসেন।

 

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকার জাহেদ হোসেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, "গত ৫ ও ৬ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে আমার ছবিসহ আমাকে এবং আমার পরিবারের ১১ সদস্যকে জড়িয়ে চাঁদাবাজি, মারধর, অপহরণ ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এই অপপ্রচারের ফলে আমার ব্যক্তিগত মর্যাদা, পেশাগত সুনাম এবং আমি যে ব্যাংকে কর্মরত, তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।"

 

তিনি স্পষ্ট করেন যে, মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে এবং সংবাদমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, সংবাদে যে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেওয়ার ও তাঁর স্বামীকে মারধর করার কথা বলা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, তাঁদের ঘরে সিসিটিভি ক্যামেরা স্থাপিত রয়েছে এবং সুষ্ঠু তদন্ত হলে সত্য উদঘাটিত হবে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ জমি দখলের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এ বিষয়টি নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ হোসেন দৃঢ়তার সাথে বলেন, "আমি ও আমার পরিবার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। আমি ন্যায়বিচারে বিশ্বাসী, সত্যের জয় হবেই।" এই পরিস্থিতিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে আবুল হোসেন, আবুল কাসেম, আবুল বাশার, ছিদ্দিক আহমদ, আব্দুল মান্নান, মুবিনুল হক, মিনহাজুল হক, সাইফুল ইসলাম, মো. আক্কাস উদ্দিন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর