নরসিংদীর শিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক ও স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন ২০২৫) রাতে শিবপুর মডেল থানার পুলিশ এ অভিযান চালায়।
ভুক্তভোগী তরুণী ঝর্ণা আক্তার (২০) শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। অভিযোগে জানা যায়, সাত-আট মাস আগে প্রতিবেশী চাচা আব্দুল মান্নান (৫০), পিতা মৃত মফিজ উদ্দিন, ইরি প্রজেক্টের একটি মেশিন ঘরে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এর ফলে ঝর্ণা অন্তঃসত্তা হয়ে পড়ে।
ভুক্তভোগীর ভাই বিল্লাল হোসেন জানান, ১৩ মে ২০২৫ তারিখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং স্থানীয় ইউপি সদস্য হানিফা মেম্বারকে জানানো হয়। কিন্তু তিনি ঘটনার বিচার না করে বরং অভিযুক্ত ধর্ষকের কাছ থেকে ঘুষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ধর্ষিতার পরিবারকে গর্ভপাতের জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।
হানিফা মেম্বার আশ্বাস দেন যে, তিনি বিষয়টি মীমাংসা করে দেবেন, তবে থানায় বা আদালতে যেন না যাওয়া হয় — এমন কথাও বলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় এসে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি (মামলা নং-২১(০৬)২৫) রুজু করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল মান্নান ও সহায়তাকারী হানিফা মেম্বারকে গ্রেপ্তার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং অভিযুক্তদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”