দেশের খবর

শেরপুরের এক কারখানা থেকে ২০ টন নকল সার জব্দ

শেরপুর জেলা সদরের সাপমারীতে সেভেন. কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তায় ২০ টন নকল জিপসাম সার জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের পেছনে এ অভিযান চালানো হয়।

অভিযানে ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বস্তায় ২০ টন নকল সার পাওয়া যায়। আটককৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে এ অভিযানের সময় শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জামালপুর জেলার এস.এস কক কেয়ারের নামে ওই সারগুলোর চালানপত্র রয়েছে এবং সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের নামে কোনো চালানপত্র ও বৈধ কাগজপত্র নেই। এছাড়া সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজার করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



সম্পর্কিত খবর