দেশের খবর

সরিষাবাড়ীর ডোয়াইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক স্বপনসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২১ মার্চ সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সীমা আক্তার। মামলার অপর আসামী হলেন- একই ইউনিয়নের মাজালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে কামাল হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক শহীদুল ইসলাম মামলাটি আমলে নেন। অতঃপর সিআইডি পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জানা যায়, ডোয়াইল ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের লালিত কামাল হোসেন ২০২৩ সালের ২৫ অক্টোবর ভুক্তভোগী গ্রাম পুলিশ সীমা আক্তারকে কু প্ররোচনা ও ভয়ভীতি দেখিয়ে তার স্বামীকে তালাক প্রদান করান। তারপর থেকে চেয়ারম্যানের নির্দেশে কামাল হোসেন সীমা আক্তারকে ডোয়াইল বাজারে একটি বাসা ভাড়া নিয়ে দেন। এরপর থেকে সীমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে কামাল হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা অজুহাতে কালক্ষেপণ করে। এ বিষয়ে চেয়ারম্যানের নিকট সীমা আক্তার অভিযোগ দেন। এ কারণে চেয়ারম্যানের স্ত্রী ২২ জানুয়ারি সীমা আক্তারকে ডিক্রিবন্দ মাদ্রাসায় ডেকে নেন। পরে সেখান থেকে তাকে শিমলা বাজারের একটি বিল্ডিং এ নিয়ে আব্দুর রাজ্জাক স্বপন তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। চাকুরী হারানোর ভয়ে সে এতদিন মুখ খুলে নি। ৫ মার্চ আবারো কামাল হোসেন ফুসলিয়ে সীমা আক্তারকে ধর্ষণ করেন। সীমা আক্তারকে বিয়ের জন্য কামাল হোসেনকে জোরালো চাপ দেয়া হয়। কামাল হোসেন তা অস্বীকার করায় ১৪ মার্চ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে সীমা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এরই মধ্যে সীমা আক্তার কিছুটা সুস্থ হয়েই ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত/৩ এর ৯ (১)/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। সিআর মামলা নং- ৪২/২০২৪। এ বিষয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট ইউসুফ আলী জানান, এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।



সম্পর্কিত খবর