সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে ফিলিস্থিনে গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি দখল মুক্ত করার দাবিতে ফিলিস্তিনি জনতার সাথে সংহতি জানিয়ে সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার সভাপতি এড. দিলরুবা নূরী। বক্তব্য রাখেন, বাসদ জেলা কমিটির আহ্বায়ক কমরেড এড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা কমিটির সহ-সভাপতি এড. রাধা রানী বর্মন, সংগঠনের অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমুখ।
সমাবেশে এডভোকেট সাইফুল ইসলাম পল্টু বলেন, 'ফিলিস্তিনের গাজাকে দীর্ঘদিন ধরে পৃথিবীর সর্ববৃহৎ কারাগার বানিয়ে রেখেছে ইজরায়েলি জায়নবাদীরা। গাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে তাদের কাছে। সেখানে সেই ফিলিস্তিনি জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের মদদ দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু এভাবে কোন জাতি বা রাষ্ট্রকে ধ্বংস করা অন্যায় শুধু নয়, অপরাধ। আমরা জাতিসংঘ থেকে ইসরায়েলের বহিস্কার দাবি করছি। জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে। জাতিসংঘ এখন রাষ্ট্রসংঘে পরিণত হয়েছে। আর এই রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদী-পুজিবাদী। ফলে তারাই এর নীতি নির্ধারণ করে থাকে। ফলে এমন গণহত্যা চললেও জাতিসংঘ নীরব ভূমিকা নিয়ে আছে। হিটলার যেভাবে গণহত্যা চালিয়েছিল সেভাবেই আজকে ইসরায়েলের নিতানিয়াহু একই ভূমিকায় নেমেছে। প্যালেস্টাইনে যা হচ্ছে এটা কোন যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ তো নয়ই এটা নৃশংসতা, নির্মম গণহত্যা। সেই গণহত্যার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করছি, সারা বিশ্বজুড়েই প্রতিবাদ হচ্ছে। জাতিসংঘের মহাসচিব বলছেন, পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। যুদ্ধ, মাদক-অস্ত্র ব্যবসা, মহামারী ইত্যাদি নানা কারণে। কিন্তু আসল যে কারণ তা হচ্ছে পুঁজিবাদ। প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে তারও গভীরে গেলে আমরা দেখবো যে পুঁজিবাদই এই সংকটের মূল কারণ। আমেরিকার তরুণ বৈমানিক নিজের শরীরে আগুন দিয়ে এই গণহত্যার প্রতিবাদ করেছেন। আমরা অবিলম্বে এই গণহত্যাকারী ফ্যাসিস্ট ইসরায়েলকে জাতিসংঘ সহ সকল সংস্থা থেকে বহিস্কারের দাবি করছি। সেই সাথে গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাছি। এই গণহত্যা এখনই বন্ধ হওয়া উচিত।'
সভাপতির বক্তব্যে এড. দিলরুবা নূরী বলেন, 'ভূমধ্যসাগরের উপকূলে, ইসরাইল দ্বারা বেষ্টিত ফিলিস্তিনের গাজায় ৫০ লক্ষের অধিক মানুষের বসবাস। ফিলিস্তিনিদের উপর ৭৫ বছর ধরে চলছে জবরদস্তি। তাদের বিদ্যুৎ, পানি, খাদ্য থেকে শুরু করে সবকিছুর উপর ইসায়েলিরা অন্যায় নিয়ন্ত্রণ করে আসছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ইসরায়েলকে সমর্থন করে চলায় ইসরায়েল এই ঔদ্ধত্য দেখাতে পারছে।সেখানে নতুন করে গত অক্টোবর থেকে যে গণহত্যা শুরু হয়েছে সেখানে সাড়ে ৩২ লক্ষ মানুষ এখন পর্যন্ত হত্যার স্বীকার হয়েছে। সেখানে ত্রাণ সংগ্রহ করতে গেলেও বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোমা হামলা করা হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার এই গণহত্যা, একটি দেশের মানুষের উপর এই গণহত্যা মানবতাবিরোধী। এর বিরুদ্ধে দেশে দেশে সংহতি গড়ে তোলা দরকার। পরাশক্তির অধিকারী হলেই গায়ের জোরে আর একটি দেশকে আক্রমণ করা অপরাধ। এই আক্রমণ এবং গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া জরুরী।'
নেতৃবৃন্দ আরো বলেন, সাম্রাজ্যবাদী দেশগুলো মুনাফার প্রশ্নে বিশ্বের নিয়ন্ত্রণ রাখতে দেশে দেশে যুদ্ধ চায়, তাই তারা যুদ্ধ টিকিয়ে রাখে। যার ফলে তারা এই অপরাধী দেশগুলোকে শক্তিকে যুগিয়ে যায়। গত ৭ অক্টোবর থেকে এই দফায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র কোম্পানীগুলো বিপুল মুনাফা করছে। এরা ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে। একাত্তর সালের ২৫শে মার্চ বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল আজকে প্যালেস্টাইনে এই গণহত্যার পিছনেও একই দৃষ্টিভঙ্গি, মতাদর্শ ও একই রাজনীতি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। তাই এই গণহত্যা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধ দাঁড়ানো পৃথিবীর সকল দেশের সকল মানুষের কর্তব্য। এই গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই মার্কিন সাম্রাজ্যবাদকে একদিন যুদ্ধাপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুদ্ধাপরাধী হিসেবে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানাই। গাজার নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র ইসরায়েলি বাহিনী যে আক্রমণ করছে তার মধ্যে নিহত মানুষদের অধিকাংশই হচ্ছে নারী ও শিশু। তাই আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষে থেকে অবিলম্বে এই নৃসংশ গণহত্যা বন্ধের দাবি জানাছি। এর বিরুদ্ধেও দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী মানুষের ঐক্য খুবই জরুরী, সংহতি গড়ে তোলা অনিবার্য। নেতৃবৃন্দ ফিলিস্থিনিকে ইসরায়েলি দখল মুক্ত করার দাবি জানান।
আমজাদ হোসেন মিন্টু, বগুড়া/৩০-০৩-২০২৪/ মোবাইল-০১৭১১১৪১৬৮২/