বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌন ৬ টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের হাজিরহাট গোডাউন দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মোহাম্মদ ইছার ছেলে মোহাম্মদ সাকিব (২৪), একই এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে মোহাম্মদ সামির (২২) ও রহিম উদ্দীনের ছেলে মোহাম্মদ সাকিব (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি টেম্পু হাজিরহাট গোডাউন দরগাহ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করেন। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা বলেন, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।