খুলনা

হাতপাখার অফিস পোড়ানোর অভিযোগ অস্বীকার, ট্র্যাকিংয়ের দাবি জামায়াত প্রার্থীর

নড়াইল-১ আসনের বিছালী গ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সত্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

 

মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “বিগত ১৬ বছর অমানবিক নির্যাতন সহ্য করার পরও আমরা কারও ওপর প্রতিশোধপরায়ণ হইনি। অথচ এখন অভিযোগ করা হচ্ছে আমরা হাতপাখার অফিস পুড়িয়েছি, যা সম্পূর্ণ ন্যাক্কারজনক। প্রকৃত ঘটনা বের করতে ওই রাতে ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

 

তিনি আরও যোগ করেন, নির্বাচনী মাঠে কাদা ছোড়াছুড়ি না করে প্রতিটি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে। উল্লেখ্য, গত রোববার রাতে বিছালী গ্রামে ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) একটি নির্বাচনী অফিস ভস্মীভূত হয়। দলটির প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ ছিল, জামায়াত কর্মীরাই এ ঘটনার নেপথ্যে রয়েছেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 



সম্পর্কিত খবর