চট্টগ্রাম প্রতিদিন

হাম-রুবেলা ঠেকাতে আলীকদমের কুরুকপাতায় জরুরি স্বাস্থ্য ক্যাম্প, মাঠে বিভাগীয় পরিচালক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আজ শনিবার থেকে সেখানে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। 

 

জরুরি স্বাস্থ্যসেবা তদারকিতে সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

 

বৈঠকে ডা. শেখ ফজলে রাব্বি বলেন, “পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় হাম-রুবেলা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কুরুকপাতা বাজারে চালু হওয়া ক্যাম্প থেকে একটি বিশেষ মেডিকেল টিম প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে চিকিৎসা ও টিকাদান কার্যক্রম পরিচালনা করবে।”

 

বৈঠক শেষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুইজন চিকিৎসক, তিনজন নার্স ও একজন মেডিকেল সহকারীর সমন্বয়ে গঠিত টিম কুরুকপাতার উদ্দেশে রওনা দেয়। দলটি সেখানে অবস্থান করে আক্রান্তদের চিকিৎসা ও টিকাদান কার্যক্রম তদারকি করবে।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র অফিসার ডা. মো. ইশতিয়াক এবং আলীকদমের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। সিভিল সার্জন জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পের মাধ্যমে আক্রান্ত এলাকার সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

 

বিভাগীয় পরিচালক এ সময় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও জনবল বৃদ্ধির আশ্বাস দেন।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুরুকপাতা ও আশপাশের দুর্গম পাড়াগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।



সম্পর্কিত খবর