খেলাধুলা

৯০ মিনিটের পর দুই গোল দিয়ে হার এড়াল পিএসজি

খেলার অন্তিম মুহূর্তের রোমাঞ্চ একেই বলে! ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে হারের প্রহর গুনছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু যোগ করা সময়ের অবিশ্বাস্য দুই গোল মিলিয়ে যেন পুরো চিত্রপটই বদলে গেল।

 

 

শেষ বাঁশি বাজার ঠিক আগে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে লিলেকে ২-২ ব্যবধানে রুখে দিয়েছে বর্তমান ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

লিলের মাঠ স্তাদ পিয়ের-মোরায়তে ম্যাচের শুরু থেকেই বেশ জমে উঠেছিল লড়াই। শুরুতেই আশরাফ হাকিমির একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরত আসলে লিড নেওয়া হয়নি প্যারিসিয়ানদের। উল্টো ২৪ মিনিটে অলিভিয়ের জিরুর চোখধাঁধানো এক রিভার্স পাস থেকে জোরালো শটে লিলেকে এগিয়ে দেন আইসল্যান্ডের মিডফিল্ডার হাকোন হারাল্ডসন।

 

 

দ্বিতীয় অর্ধে পিএসজির হয়ে খভিচা কাভারেস্খেইয়া ও নবাগত মিকা গটস মাঠে নামলেও কাজের কাজ হচ্ছিল না। ৮৪ মিনিটে নটিংহ্যাম ফরেস্ট থেকে ধারে আসা দিলাইনে বাকওয়ার দুর্দান্ত কার্লিং শটে ২-০ ব্যবধানে এগিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।

তবে লুইস এনরিকের শিষ্যরা যে হার মানতে নারাজ! ৯০ মিনিট শেষের পর যোগ করা সময়ের প্রথম মিনিটেই ভিতিনিয়ার দৃষ্টিনন্দন এক দূরপাল্লার শট প্রাণ ফেরায় পিএসজি শিবিরে। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে এই পর্তুগিজের ক্রস থেকেই গোল বারের উঁচুতে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান অধিনায়ক মার্কিনিয়োস।

 



সম্পর্কিত খবর