পটুয়াখালীর বাউফলে জনসেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকার বিষয়ে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের ১৪তম দিনের এ সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ৪০ জন নির্বাচিত গ্রাম পুলিশ অংশ নেন।
প্রশিক্ষণে সেবা প্রার্থীর অধিকার এবং নির্ধারিত সময়ে ও নির্ধারিত ফিতে সেবা পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি সেবা প্রদানে বিলম্ব, অসৌজন্যমূলক আচরণ, ঘুষ দাবি বা অনিয়মিত অর্থ আদায়, পক্ষপাত ও বৈষম্যমূলক আচরণ এবং তথ্য প্রদানে অস্বীকৃতি—এ ধরনের অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য এবং কোনগুলো গ্রহণযোগ্য নয়, সে বিষয়েও আলোচনা করা হয়। সরকারি দপ্তরে সেবা প্রদান-সংক্রান্ত অনিয়মের অভিযোগ গ্রহণযোগ্য হলেও আদালতে বিচারাধীন কোনো বিষয় সাধারণত অভিযোগ হিসেবে গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল উপজেলায় গ্রাম পুলিশের অনুমোদিত পদ ১৫০টি। এর মধ্যে বর্তমানে ১৪৫ জন কর্মরত রয়েছেন। তাঁদের মধ্য থেকে ৪০ জন চৌকস গ্রাম পুলিশকে বাছাই করে মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ১৪তম দিনের সেশনটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ।