জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সফলতা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে। চলতি মাসের ৩ থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানে ৬০৮ জন অপরাধী গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, এবং একাধিক মামলার পলাতক আসামি অন্তর্ভুক্ত। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি গোলাবারুদ, মাদকদ্রব্য, দেশি অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা এবং নগদ অর্থ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মানুষের যাত্রা নিরাপদ করতে সেনাবাহিনী গণপরিবহনের টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল প্রদান, সচেতনতামূলক প্রচার এবং কালোবাজারি প্রতিরোধে কাজ করেছে। টিকিটের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কে বিকল্প রুট ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করেছে সেনা টহল দল।

এছাড়াও, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, এবং লুটের ঘটনায় অভিযানে সম্পৃক্তদের আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। নিষিদ্ধ পলিথিন কারখানা বন্ধ, রাস্তা ও ফুটপাত বেদখলকারীদের অপসারণ এবং অবৈধ পার্কিং প্রতিরোধে ভূমিকা রেখেছে যৌথ বাহিনী।

ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তায়ও সেনাবাহিনী বিশেষ নজর দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী, পূণ্যস্নান এবং বাসন্তী পূজা উপলক্ষ্যে দেশের বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই নিরলস প্রচেষ্টার কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছে



সম্পর্কিত খবর