টপ নিউজ

আত্রাইয়ে হুমকির অভিযোগ তহসিলদারের বিরুদ্ধে

নওগাঁর আত্রাইয়ে একজন সেবাগ্রহীতার সঙ্গে অসদাচরণ ও হুমকির অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের সমসের আলীর ছেলে আইয়ুব আলী অভিযোগ করে বলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাঁর ৬৯ শতক জায়গার মালিকানা নিয়ে একই উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জাফের আলীর স্ত্রী মনোয়ারা বিবির সঙ্গে দ্বন্দ্বে আদালতে মামলা চলছে। এরই মধ্যে মনোয়ারা ওই সম্পত্তি নিজের দাবি করে আইয়ুব আলীর নামজারি (খারিজ) বাতিলের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস থেকে আইয়ুব আলীকে নোটিশ করা হয়। এরপর তিনি ওই সম্পত্তি নিয়ে আদালতে চলমান মামলার কাগজপত্র উপস্থাপন করে মনোয়ারার আবেদন বাতিলের দাবি জানান। কিন্তু তহসিলদার মোস্তাফিজুর রহমান আদালতের মামলাকে তোয়াক্কা না করে সরেজমিনে একতরফা তদন্তে যান এবং শুধুমাত্র মনোয়ারার দাখিলকৃত আবেদন ও তাঁর কথায় নামজারি বাতিলের প্রক্রিয়া করতে থাকেন। এসব বিষয় জানতে পেরে গত মাসের ১৭ তারিখে ভূমি অফিসে গেলে তহসিলদার মোস্তাফিজুর রহমান বিভিন্নভাবে অশালীন আচরণ করেন এবং নামজারি বাতিলের হুমকি দিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ১৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

এ ব্যাপারে তহসিলদারের বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি, ফলে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, “ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে তহসিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর