উটের জন্য পাসপোর্ট বা অফিশিয়াল কাগজপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ প্রাণী খাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াবে। উটের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডেটাবেইস তৈরি করা সম্ভব হবে। গত মঙ্গলবার মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাসপোর্টের ছবি প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, সবুজ রঙের পাসপোর্টে দেশের কোস্ট অব আর্মস ও একটি স্বর্ণের উটের ছবি রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—উট পালন খাতকে সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবার মান উন্নত করা। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের উট ব্যবসার প্রতি আস্থা বাড়ানোও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় প্রতিটি উটের বিস্তারিত তথ্য, মালিকানা ও জাত রেকর্ড করা হবে।
এসব তথ্যকে উটের স্বাস্থ্য ও আইনি তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। ফলে এই পাসপোর্টটি একটি দাপ্তরিকভাবে স্বীকৃত নথি হিসেবে পরিণত হবে, যা উটসংক্রান্ত যেকোনো সেবা প্রদানকে আরো সহজ ও কার্যকর করবে। বিবৃতিতে আরো বলা হয়, উট পাসপোর্টটি একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র হিসেবে কাজ করবে। সূত্র : খালিজ টাইমস, আনাদোলু