‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, আমরা কোনো কাজ একা করতে পারব না। একটি লাঠি একা ভাঙা যায়, কিন্তু একাধিক ব্যক্তি মিলে তা সহজে সম্ভব। মূলত সবার সম্মিলিত প্রচেষ্টাই হলো সমবায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, পুলিশ সুপার আবু সায়েম, জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, জিয়াবাড়ি নারী উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক রোজিনা আক্তার এবং জিয়াবাড়ি সমন্বিত ফসল ব্যবস্থাপনা সমবায় সমিতির মাজহারুল ইসলাম।
পরে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্প’-ভুক্ত সরকারি ঋণ প্রদানের নিমিত্তে চূড়ান্তভাবে মনোনীত সুবিধাভোগী ৩টি নারী উন্নয়ন সমিতির ৮ জন মহিলাকে ১ লাখ টাকা করে উন্নত জাতের বকনা বাছুর ক্রয়ের জন্য ঋণের চেক প্রদান করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমবায় অফিসের কর্মকর্তা, নারী উন্নয়ন সমিতিসহ বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।