ঢাকা

একসঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, পাশাপাশি কবরে শায়িত দুই বন্ধু

নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব মিয়া (১৭) ও জীবন মিয়া (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। ছোটবেলা থেকেই তারা একে অপরের বন্ধু ছিল। পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠা দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব মিয়া রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে এবং জীবন মিয়া একই এলাকার জায়েদুল মিয়ার ছেলে।

নিহতদের স্বজনেরা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে নরসিংদী শহরে ঘুরতে যায় নিরব ও জীবন। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে হাসনাবাদ এলাকায় চলন্ত একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সেই দুই কিশোরের মৃত্যু হয়। পরে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, শুক্রবার রাতে ওই দুই কিশোরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জেনেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিরবের মামা সুমন পারভেজ বলেন, “নিরব ও জীবন ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিল। সব সময় একসঙ্গে চলাফেরা করত তারা। মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুও হলো একসঙ্গে।”

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে দুই কিশোরকে। তাদের এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকাবহ পরিবেশ বিরাজ করছে।



সম্পর্কিত খবর