অর্থনীতি ও বাণিজ্য

কমেছে সোনা-রুপার দাম

স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

 

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত ৮ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ২২০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়।

 

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

 



সম্পর্কিত খবর