ঢাকা

গণভোটের রায় বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের সমালোচনায়ে মামুনুল হক

নরসিংদীর পলাশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

শুক্রবার (৯ অক্টোবর) নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “সরকারকে সময় দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা না করলে বিরোধী দলের আন্দোলনে নামার প্রয়োজন ছিল না।” তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেওয়া রায় বাস্তবায়নে অসম্মতি জানিয়েছে।

তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে, একই তফসিলে এবং একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার বৈধ হতে পারে না।”

সমাবেশে রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও সমালোচনা করেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এমন রাষ্ট্রপতি তাঁরা চান না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করা হলে বিচার বিভাগ ও প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হবে বলে দাবি করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর। তাঁর মতে, বিচারপতি নিয়োগে স্বাধীন ও কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম হবে।

তিনি আরও বলেন, অতীতে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছিল। ভবিষ্যতে পুলিশসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। পুলিশকে কোনো রাজনৈতিক দলের অনুগত বাহিনীতে পরিণত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতকে বিদেশি স্বার্থসংশ্লিষ্ট একটি চক্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে টেন্ডারবাজি ও সিন্ডিকেটের সমালোচনা করেন এবং এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নরসিংদী জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুর নূর, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী ও সহসভাপতি মাওলানা মাহমুদুল হক ভূঁইয়া।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মো. জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াড়ী, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা দক্ষিণের সভাপতি মো. রাকিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ঘোড়াশাল পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইসমাইল খায়েরী বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।



সম্পর্কিত খবর