দেশের খবর

কালকিনিতে মনোনয়ন ইস্যুতে আওয়ামীলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মাদারীপুরের কালকিনিতে মনোনয়ন ইস্যুতে  আওয়ামীলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ নভেম্বর) রাতে কালকিনি উপজেলায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে কালকিনি উপজেলা আওয়ামীলীগ থেকে মাদারীপুর-৩ আসনে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকীকে প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে রোববার সন্ধ্যার দিকে কালকিনি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মিটিং করে উপজেলা আওয়ামীলীগ। মিটিং শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে। মিছিলের সময় তাহমিনা সিদ্দিকার অনুসারীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে তাহমিনার সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়া করে।
 
দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরপরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা বলেন, আমার সমর্থকের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এরপর উত্তেজনা সৃষ্টি হয়। 
 
এ ব্যাপারে জানতে চাইলে বর্তমান এমপি ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


সম্পর্কিত খবর