নাশকতা ঠেকাতে রাজধানীসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে আরো চার প্লাটুন বিজিবি সদস্য।
এ ছাড়া গোপালগঞ্জসহ সাত জেলায় আনসার ব্যাটালিয়নের ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) বিজিবি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। সাধারণত বিজিবিতে এক প্লাটুনে ২০ জন সদস্য থাকেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন তারা। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি রয়েছে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে আরো ৩৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের পরিবেশ বজায় রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। তারা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।