খুলনা

কালীগঞ্জে ৫ দিনের মাঠ সফর করলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘মাঠ সফর ২০২৬’ সম্পন্ন করেছেন। বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৫ দিনের এই সফরে লেভেল-৪, ১ম সেমিস্টারের ২৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এ সময় তারা উপজেলার দুগ্ধ ও গরুর খামার, কৃষি এবং মৎস্য এলাকা পরিদর্শনের পাশাপাশি উপজেলা পরিষদের ১২টি দপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

সফরকারী দলের শিক্ষকরা জানান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই মাঠ সফর পরিকল্পনা করা হয়। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ে প্রয়োগ এবং প্রান্তিক খামারিদের কাজের ধরন সরাসরি পর্যবেক্ষণের জন্য কৃষি ও প্রাণিসম্পদে সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলাকে তিনি নির্বাচন করেন।

বুধবার এই সফরের শেষ দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, প্রভাষক আনিকা আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জিন্নু রাইন, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সফরকারী দলের শিক্ষকরা জানান, এই সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের তাত্ত্বিক ও বাস্তব জ্ঞানের সমন্বয়ের পাশাপাশি খামারিদের সমস্যা চিহ্নিতকরণ এবং সম্প্রসারণ কৌশল শেখা। এছাড়া প্রান্তিক খামারিদের সঙ্গে তথ্য বিনিময়, নতুন প্রযুক্তি হস্তান্তর পদ্ধতি জানা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করাও এর লক্ষ্য। শিক্ষকরা আরও জানান, এই মাঠ সফর শিক্ষার্থীদের কেবল দক্ষ ভেটেরিনারিয়ান ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতেই সাহায্য করবে না, বরং বাংলাদেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

 


সম্পর্কিত খবর