বরিশাল

বাউফলে পৌর নির্বাচনপ্রচারে ব্যস্ত মেয়র প্রার্থী হুমায়ুন কবির, বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ

আসন্ন বাউফল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবির।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পৌর শহরের ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দোকানপাট, চায়ের দোকান ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে হুমায়ুন কবির ভোটারদের কাছে পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। বিশেষ করে ভাঙা রাস্তাঘাট, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সুপেয় পানির সংকট, সড়কবাতি না থাকা ও বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিসহ বিভিন্ন নাগরিক ভোগান্তির কথা তুলে ধরেন ভোটাররা।

এ সময় মেয়র প্রার্থী হুমায়ুন কবির বলেন, "আমি দীর্ঘদিন ধরে পৌরবাসীর পাশে আছি। পৌরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার জন্যই আমি মাঠে নেমেছি। আমি মেয়র নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে সবাইকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তুলব।"

তিনি আরও বলেন, "পৌরসভার উন্নয়নে সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রথম ১০০ দিনের মধ্যে নাগরিকদের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা সহজীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"

গণসংযোগকালে তাঁর সঙ্গে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 


সম্পর্কিত খবর