দেশের খবর

খোলা ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছে নিম্নআয়ের মানুষ

ঈদযাত্রায় নাড়ির টানে নিম্নআয়ের মানুষ ও পোশাক শ্রমিকরা গ্রামের বাড়িতে ফিরছে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে করে। জীবনের ঝুঁকি নিয়েও ঈদের আনন্দের স্বপ্ন বুনছে খোলা ট্রাকের ছাদেই। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা এভাবেই ছুটছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে নবীনগরগামী লেনে এ চিত্র দেখা যায়। মালবাহী ট্রাকে গ্রামের গাড়িতে ফিরছিলেন রিতা আক্তার। তিনি বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। অল্প টাকা বেতন পাই। এতে করে সংসার কোনো রকম চলে। এবার ঈদের আনন্দ বাবা-মা ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে অল্প টাকায় ট্রাকে করে রংপুরে যাচ্ছি।

 

 

 

ওই ট্রাকেই যাচ্ছিলেন পোশাক শ্রমিক আলম হোসেন। তিনি বলেন, বাসের ভাড়া ১৪শ টাকা করে। এতো টাকা দিয়ে কীভাবে যামু। তাই বাধ্য হয়েই ট্রাকে ৪শ টাকা ভাড়া দিয়ে গ্রামের বাড়িতে ফিরছি। অন্যদিকে ফরিদুল ইসলাম নামে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বলেন, আমি পিকআপ ভ্যানে করে গাইবান্ধায় যাচ্ছি। আমরা স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকে। তাই গ্রামের বাড়িতে পিকআপে করে রওনা হয়েছি।  পিকআপে ঝুঁকি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাসে এখন দুই গুণ ভাড়া চায়। ঈদ আনন্দটাই বড় কথা। এখন কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদটাই আমার আনন্দের। 

 



সম্পর্কিত খবর