চট্টগ্রাম প্রতিদিন

চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

 

চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, এবং চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডা. জাহাঙ্গীর খান।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে কলেজ অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করান। কলেজের শিক্ষক ও অভিভাবকরাও শুভেচ্ছা বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।

 

কলেজের পরিচিতি তুলে ধরতে গিয়ে উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮ জন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫ জন এবং সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

 

তিনি আরও জানান, দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধুমাত্র চাঁদপুর মেডিকেলে ৩ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে দুজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।



সম্পর্কিত খবর