খবর প্রতিদিন

ছাত্রলীগের আনন্দমিছিলে নবগঠিত-পদবঞ্চিত দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, সভাপতিসহ আহত ৩: যান চলাচলে বিঘ্ন ঘটে

শ্রীমঙ্গলে ছাত্রলীগের আনন্দমিছিলে নবগঠিত-পদবঞ্চিত দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, সভাপতিসহ আহত ৩, সংঘর্ষের পর পদবঞ্চিতরা মিছিল বের করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের নবগঠিত তিনটি কমিটির নেতা-কর্মীরা আনন্দমিছিল বের করলে পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান (ওরফে সুজাত) ছুরিকাহত, একই কমিটির সহ-সভাপতি নেছার আহমদ ও ছাত্রলীগের কর্মী জোবায়ের আহমদ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ইং, বিকেল সাড়ে ৪টার সময় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের চৌমুহনার কাছাকাছি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ সংঘর্ষের পর শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে নবগঠিত কমিটি বাতিল করার দাবি জানান তাঁরা। এ সময় এ মিছিলের কারণে শহরের যান চলাচলে বিঘ্ন ঘটে। শহরের হবিগঞ্জ সড়কের অনেক দোকানপাটের ব্যবসায়ীরা দ্রুত শার্টার বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা যায়, গত রবিবার ১৭ অক্টোবর ২০২৩ইং, ছাত্রলীগের নবগঠিত তিনটি কমিটি, শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। ৪৮ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি পদ পেয়েছেন মোঃ সাইদুর রহমান (ওরফে সুজাত) ও সাধারণ সম্পাদক হয়েছেন আকাশ রঞ্জন দেব। ৩১ সদস্যবিশিষ্ট পৌর ছাত্রলীগ কমিটির সভাপতি পদ পেয়েছেন উজ্জ্বল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক হয়েছেন তসলিম আহমেদ। ২৮ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি হয়েছেন আজিজুর রহমান ওরফে নাইম ও সাধারণ সম্পাদক হয়েছেন সাগর মিয়া।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে নবগঠিত তিন কমিটির নেতারা একটি আনন্দমিছিলের আয়োজন করেন। বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শহরের হবিগঞ্জ সড়কে এলে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান (ওরফে সুজাত) ছুরিকাহত হন ও তার সঙ্গে আরও দুজন আহত হয়েছে।
অন্যদিকে ছাত্রলীগের একাধিক কর্মী বলেন, নবগঠিত কমিটিতে অনেকেই পদ পাননি। অনেকে পদ পেলেও কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় কমিটি ঘোষণা করার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে আনন্দমিছিলের খবর পেয়ে অনেকেই সংঘর্ষের জন্য ওত পেতে ছিলেন।
সংঘর্ষে আহত মোঃ সাইদুর রহমান (ওরফে সুজাত) বিষয়ে জানতে চাইলে তাঁর সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব বলেন, সুজাতের শরীরে ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, আমরা শ্রীমঙ্গলের ছাত্রলীগের জন্য সুন্দর কমিটি গঠন করে দিয়েছিলাম। এখানে ছাত্রলীগের মিছিলে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছেন, সেটা আমরা তদন্ত করে দেখছি। সংগঠনের কেউ জড়িত থাকলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে তিনি জানান।


সম্পর্কিত খবর