ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি আরো একবার রেকর্ডবুকে নিজের নাম উজ্জ্বল করলেন। বুধবার বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে অন্ধ্রর বিপক্ষে খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬,০০০ রান করার কীর্তি গড়লেন তিনি।
বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স গ্রাউন্ড-১ এ অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি মাত্র ৩৩০ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করেন। এর মাধ্যমে তিনি ভেঙে দেন ভারতের ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।
টেন্ডুলকারের এই রানসংখ্যায় পৌঁছাতে লেগেছিল ৩৯১ ইনিংস।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬,০০০ রান
বিরাট কোহলি – ৩৩০ ইনিংস
শচিন টেন্ডুলকার – ৩৯১ ইনিংস
গর্ডন গ্রিনিজ – ৪২২ ইনিংস
রিকি পন্টিং – ৪৩০ ইনিংস
গ্রাহাম গুচ – ৪৩৫ ইনিংস
ভিভ রিচার্ডস – ৪৩৫ ইনিংস।
উল্লেখযোগ্য বিষয় হলো, লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০,০০০ রান পার করার পর থেকে প্রতিটি হাজার রানের মাইলফলক দ্রুততম সময়ে ছোঁয়ার রেকর্ড এখন কোহলির দখলেই।
অন্যদিকে, একই দিনে বিজয় হাজারে ট্রফির গ্রুপ ‘ডি’ ম্যাচে মুম্বাইয়ের হয়ে দাপট দেখালেন আরেক সাবেক ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সিকিমের বিপক্ষে মাত্র ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৮টি চার ও ৯টি ছক্কা।
রোহিতের এই ইনিংসের সুবাদে মুম্বাই সহজেই ২৩৭ রানের লক্ষ্য পূরণ করে ফেলে। পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ১৫০-এর বেশি রানের ইনিংস করা ব্যাটারদের তালিকায় তিনি যৌথভাবে শীর্ষে উঠে আসেন।