যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।
দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, কেন্দ্রীয় লাইব্রেরি এবং আবাসিক হল সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মল জয়নাল আবেদীনের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দিরসহ অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।