রাজনীতি

দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র রুখে দিবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, তাবেদার ফ্যাসিস্ট হাসিনার পতনে ভারতের নরেন্দ্র মোদি কষ্টে আছে। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে স্বাধীনতা রক্ষা করবো।

তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী পূর্ব সমাবেশে এসব কথা বলেন ড. আহমদ আব্দুল কাদের। 

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মদদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ।

যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করলে ভারতই ভেঙ্গে খান খান হয়ে যাবে। বিজেপি নেতা সুভেন্দু অধিকারী অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখছেন। অখণ্ড ভারতের স্বপ্ন দেখে লাভ নেই বরং ভারতের বৈষম্য ও জুলুম নির্যাতনের কারণে পূর্বাঞ্চলের সাত রাজ্য হাত ছাড়া হয়ে যেতে পারে।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পূর্ব সমাবেশে বক্তব্য দেন শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, হাফেজ মাওলানা নুরুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমসহ আরও অনেকে।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।

 



সম্পর্কিত খবর