দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে পুলিশের অতীত ভূমিকা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর একটি বড় অংশের মনোবল ভেঙে গেছে। সেই ‘ধ্বংসপ্রাপ্ত পুলিশ বাহিনীকে’ নিয়েই সরকার কাজ করছে এবং তাদের আত্মবিশ্বাস ফিরতে সময় লাগবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আসলে খুব খারাপ?’ এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময়কে একটি মানদণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারকে একেবারে ধ্বংসপ্রাপ্ত ও মনোবল হারানো একটি পুলিশ বাহিনী নিয়ে কাজ করতে হয়েছে। শেখ হাসিনার সরকারের ১৫ বছর এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশের একটি অংশ যেভাবে ব্যবহৃত হয়েছে, তাতে বাহিনীটির ওপর মানুষের আস্থা ও পুলিশের নিজেদের আত্মবিশ্বাস দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশকে নিয়ে আমরা কাজ করছি আসলে। পুলিশের সদস্যদের সঙ্গে কথা বললে তারা নিজেরাও স্বীকার করেন যে পুলিশের সেই আত্মবিশ্বাস ফিরে আসতে সময় লাগবে।
বর্তমান সরকারের সময়ে বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, হত্যাকাণ্ডের সংখ্যা বা হত্যাকাণ্ডের মামলার সংখ্যা অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। তবে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অন্যান্য অপরাধের মামলা কমেছে।