নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বুধবার (২ জুলাই) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জাহিদুল ইসলাম (২১), তিনি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার দুলাল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১১ এর একটি অভিযানিক দল সাহেপ্রতাব এলাকায় অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জাহিদুল জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।