আইনি জটিলতায় সাত বছর ধরে বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মগবাজার-পেয়ারাবাগ অংশের নির্মাণকাজ এবং এর নিচ দিয়ে চার লেনের রেলপথ নির্মাণের উন্নয়নকাজে বাধা কেটেছে। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদেশে সরকারের এসব উন্নয়নকাজ পরিচালনায় আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
ফলে দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পের ওই অংশে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেলওয়ের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ জটিলতা তৈরি হয়। এ জমির একটি অংশের মালিকানা দাবি করেন এ এম মোস্তাফিজুর রহমান। অন্যদিকে জমিটি বাংলাদেশ রেলওয়ের বলে দাবি করে সরকার।
দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে মগবাজার-পেয়ারাবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এবং নিচে চার লেনের রেলপথ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছিল।
এ এম মোস্তাফিজুর রহমান ২০১৯ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমির মালিকানা নিয়ে মামলা করেন। ওই মামলায় তার পক্ষে রায় আসে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। গত সেপ্টেম্বরে আপিল ট্রাইব্যুনালের রায় বাংলাদেশ রেলওয়ের পক্ষে যায়। ওই রায়ের বিরুদ্ধে এ এম মোস্তাফিজুর রহমান হাইকোর্ট বিভাগে রিট করেন। গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ স্থিতাবস্থার আদেশ দেন। এতে উন্নয়নকাজ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
এরপর হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্দেশনা দেন। সরকারের পক্ষে আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল উসমান চৌধুরী। এ এম মোস্তাফিজুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল আমিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল জানান, জমির মালিকানা নিয়ে এ এম মোস্তাফিজুর রহমানের দাবি ও ক্ষতিপূরণ বা অ্যাওয়ার্ড মানি পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। তবে এ বিরোধের কারণে সরকারের উন্নয়নকাজ বন্ধ থাকবে না। আদালতের আদেশ অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেনের রেলপথ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া যাবে।