টাঙ্গাইলের নাগরপুরে এক স্কুল শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার জেরে উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুরের পাকুটিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী নওরীন নাগরপুর বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক নামের একটি বাস ঢাকা যাওয়ার পথে রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরীনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নওরীন মারা যায়। এই ঘটনার পরপরই জনতা উত্তেজিত হয়ে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘাতক বাসচালক রাজু মিয়াকে আটক করেছে। রাজু মিয়া ধামরাই এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।