ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। উন্নয়ন ও সুশাসনের জন্য পরিবর্তনের কোনো বিকল্প নেই। ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে নদীভাঙন রোধ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নানের সভাপতিত্বে সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ভোটাধিকার পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। এম এ হান্নান তার বক্তব্যে বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি। নির্বাচিত হলে এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি মডেল উপজেলা হিসেবে নাসিরনগরকে গড়ে তুলব।”
সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। সভায় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।