কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ জাহাঙ্গীর নামে কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (১৭ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় মাদক কারবারি জাহাঙ্গীরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ টি তাজা গোলা, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইলফোনসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারি রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত রয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।
বায়ান্ন/একে