জাতীয়

পিএসসির নতুন ৭ সদস্যের শপথ গ্রহণ

সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাতজন নতুন সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পাঠ করান।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি তাঁদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেন। নতুন সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তাঁরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যে শর্ত আগে পূরণ হবে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নতুন সদস্যদের যোগদানের ফলে পিএসসির মোট সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৫ জনে। বর্তমানে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।

বায়ান্ন/এএস/পিএইচ



সম্পর্কিত খবর