যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সকলকে শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। এছাড়া বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মহান স্বাধীনতা দিবসের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজ্ঞানী, কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্রি উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরাও অংশ নেয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পুরো অফিস এলাকা বর্ণিল পতাকায় সজ্জিত করা হয়।