দেশের খবর

বাঁশখালীতে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে মাস্টার নজির আহমদ ট্রাস্টের বই বিতরণ

 
বাঁশখালীতে সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বই বিতরণ করা হয়। এটি ছিল ট্রাস্টের ১৫তম বার্ষিক বই বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের। এতে প্রধান অতিথি ছিলেন, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ট্রাস্টের সদস্য মিসেস মরিয়ম বেগম। বক্তব্য রাখেন, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান, শিক্ষিকা বনশ্রী সেন গুপ্ত, তুষার কান্তি ভারতী, অধ্যাপক মফিদুল আলম, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী প্রমুখ।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিসেস মরিয়ম বেগম বলেন “বই মানুষের অন্ধকার জীবনকে তাড়িয়ে দিয়ে নতুন জীবনের দিশা দেয়। শিক্ষা মানে শুধু অনার্স-মাস্টার্স অর্জন নয়, বরং আত্মশিক্ষার মাধ্যমে প্রকৃত শিক্ষিত মানুষ হওয়াই আসল লক্ষ্য।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইন্টারনেট আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, তাঁর প্রয়াত পিতা মাস্টার নজির আহমদের স্বপ্ন বাস্তবায়নে ট্রাস্টের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবদুল কাদের বলেন, “একসময় বলা হতো ‘জলদির দক্ষিণে আর দক্ষিণ নেই’। কিন্তু বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার নজির আহমদ এই অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার আলো জ্বেলেছেন। তাঁর সন্তানরা আজও সেই আলোকবর্তিকা বহন করছেন।”
অনুষ্ঠানে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ছাড়াও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, যাতানুরাইন ফাজিল মাদ্রাসা, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসা ও শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার এক হাজার ২ শত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
 


সম্পর্কিত খবর