দেশের খবর

বান্দরবানের থানচিতে গরিব-অসহায় পাহাড়ি জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা বিজিবির

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ডাকছৈপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো. জহিরুল ইসলাম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পার্বত্য বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ডাকছৈপাড়া এলাকায় বিজিবির পক্ষথেকে স্থানীয় পাহাড়ি জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া এর তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে থানচি উপজেলার ডাকছৈপাড়া এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধা'সহ ৩১ জন পুরুষ, ৫২ জন মহিলা এবং ২২ জন শিশু'সহ মোট ১০৫ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ ও চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। 

এবিষয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো. জহিরুল ইসলাম জানান, থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



সম্পর্কিত খবর