যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শফিয়ার রহমান শফিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ। আটক শফিয়ার রহমান শফি (৫২) বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
থানা-পুলিশ জানায়, পাওনা টাকা না পেয়ে বেনাপোলের আর বি ট্রান্সেপোর্ট এজেন্সির মালিক এইচ এম আবুল বাশার শফিয়ার রহমানের নামে আদালতে মামলা করেন। পরবর্তী সময়ে তাঁর নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার থেকে তাঁকে আটক করা হয়।
বেনাপোলের আর বি ট্রান্সেপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার বলেন, ভারত থেকে বৈধভাবে আমদানিকৃত মালামালের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য বেনাপোল দুর্গাপুর গ্রামের শফিয়ার রহমান শফি আমার আর বি ট্রান্সেপোর্ট এজেন্সি থেকে কমিশনের ভিত্তিতে ২১ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ তিন বছর পার হলেও তিনি টাকা পরিশোধে নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি আদালতে মামলা করি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, আটক আসামিকে যশোরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।