অর্থনীতি ও বাণিজ্য

ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে

ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ লুটপাটের ক্ষতি কাটিয়ে এ খাত সংস্কার করতে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে। এর বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে পরবর্তী প্রজন্মকে। তারা চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু এর সুফল ভোগ করার আগেই তাদের অর্থ ব্যয় করে ফেলা হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এ এসব কথা বলেন গভর্নর। ‘সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন তিনি।

 

মো. মোস্তাকুর রহমান বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি ভালো ছিল না। বেসরকারি খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও নেতিবাচক অবস্থা বিরাজ করছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের সংকট। এ খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে। ব্যাংক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ খাত পুনর্গঠনে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছি। পাঁচ থেকে আট বছর এ অর্থ দিতে হতে পারে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, এর দায় নিতে হবে পরবর্তী প্রজন্মকে। মূল্যস্ফীতি কমাতে বিনিময় হার নিয়ন্ত্রণের উদ্যোগ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। সে সময় নীতি সুদহারও বেশি রাখতে হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি আরও কমানোর চেষ্টা চলছে।

 

মো. মোস্তাকুর রহমান বলেন, মূল্যস্ফীতির একটি বড় উপাদান হলো বিনিময় হারের অবমূল্যায়ন। গত ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে, অর্থাৎ প্রতিবছর গড়ে ৬ শতাংশ। আমদানি করা পণ্য ছাড়াও দেশের উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের দাম বেড়েছে। বিনিময় হারের এই অবমূল্যায়নের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়ে। তিনি বলেন, প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) হিসাবের ক্ষেত্রে অনেকেই ২২ থেকে ২৩ ধরে থাকেন। তবে তার বিবেচনায় এটি ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে। আমদানিতে ডলারের দাম কমানোর আহ্বান : ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, আমদানিকারকরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার সঙ্গে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ জায়গায় কিছুটা ছাড় দেওয়া গেলে আমদানিকারকের খরচ কমবে। ডলারের দাম ৫০ পয়সা কমলেও তার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়তে পারে। তাই ব্যাংকগুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

ঋণের ২০ শতাংশ এসএমই খাতে দেওয়ার প্রস্তাব

বেসরকারি খাতে ঋণ বিতরণে বড় প্রতিষ্ঠানের আধিপত্য কমানোর ওপর গুরুত্ব দেন গভর্নর। মো. মোস্তাকুর রহমান বলেন, গত ১০ বছরে ঋণ বিতরণ অনেক বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এছাড়া মোট ঋণের প্রায় ৭০ শতাংশ বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে যাচ্ছে, এটি কাম্য নয়।

 

আগামী বছরের জন্য ঋণ বিতরণে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়ে তিনি ব্যাংকারদের বলেন, অন্তত ২০ শতাংশ ঋণ এসএমই খাতে দিতে হবে। পাশাপাশি বড় করপোরেট প্রতিষ্ঠানের ঋণনির্ভরতা কমিয়ে ঋণ বিতরণে ভারসাম্য আনতে হবে। এতে অর্থনীতিতে কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতা বাড়বে এবং বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকাও সহজ হবে।

 

তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার ওপরও গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, একটি খাতের উদাহরণ দিয়ে দেখা গেছে, বাংলাদেশে ওই খাতের মোট চাহিদা ৫০০ কোটি ডলার। অথচ ইতোমধ্যে উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে ১ হাজার ২৫০ কোটি ডলারের। চাহিদার তুলনায় অতিরিক্ত সক্ষমতা তৈরি হওয়ায় এসব বিনিয়োগ থেকে ঋণের অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ছে। তাই ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট খাতের চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

 

রেমিট্যান্সের আনুষ্ঠানিক প্রবাহ বাড়ানোর চেষ্টা

দেশে বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক প্রবাহ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে মো. মোস্তাকুর রহমান বলেন, রেমিট্যান্সের ক্ষেত্রে অনানুষ্ঠানিক বাজার কমানোর অন্যতম উপায় হলো বাজারের চাহিদা কমানো এবং বৈধ পথে লেনদেন সহজ করা। এজন্য বিভিন্ন ধরনের বৈদেশিক পেমেন্ট সহজ করা হচ্ছে।

 

তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, ই-কমার্স এবং ফ্রিল্যান্সারদের অর্থ পরিশোধ ও আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এসব ক্ষেত্রে বৈধ চ্যানেলে লেনদেনের সুযোগ বাড়লে অনানুষ্ঠানিক বাজারের ওপর নির্ভরতা কমবে।

 

রিজার্ভ বাড়াতে নতুন হিসাব ও বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালুর কথা উল্লেখ করেন গভর্নর। মো. মোস্তাকুর রহমান বলেন, এ ধরনের হিসাবের মাধ্যমে ভারত ও পাকিস্তান উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে। বাংলাদেশেও ব্যাংকগুলোর সহযোগিতায় এ হিসাবের প্রচার চালানো হচ্ছে।

 

আগামী তিন থেকে পাঁচ বছরে জ্বালানি খাতে বৈদেশিক মুদ্রায় যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে, সে লক্ষ্যেও কাজ চলছে বলে জানান তিনি।

 

গভর্নর জানান, প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগে এসব বন্ডের মেয়াদ ১৫ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন তা অনির্দিষ্টকাল পর্যন্ত রাখার সুযোগ তৈরির বিষয়ে কাজ চলছে।

 

মো. মোস্তাকুর রহমান বলেন, বর্তমানে এই তিন ধরনের বন্ডে প্রায় ৬০ কোটি ৬০ লাখ ডলার রয়েছে। মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়া গেলে আরও বেশি বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।

 

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় রেখে জ্বালানির উৎস বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিকল্প জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

বণিক বার্তা আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন খাতের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। প্রথম অধিবেশন সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল ‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’। এতে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ অধিবেশনে জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

 



সম্পর্কিত খবর