দেশের খবর

ব্রেন স্ট্রোকে ঢাবি শিক্ষার্থী আহসানুর মৃত্যু, পলাশে জানাজা শেষে দাফন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুর রহমান খান ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
মৃত আহসানুর রহমান খান নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আব্দুল বাতেন খানের একমাত্র পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
 
স্বজন ও সহপাঠীদের বরাতে জানা যায়, সোমবার রাতেই হঠাৎ ব্রেন স্টোক করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রাত ৯টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন আহসানুর। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
 
তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও আত্মীয়স্বজনরা জানান, আহসানুর ছিলেন অত্যন্ত ভদ্র, মেধাবী এবং সদা হাস্যোজ্জ্বল। তার এভাবে হঠাৎ চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। মা-বাবাও তাদের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ, কান্নায় ভেঙে পড়েছেন।
 
মঙ্গলবার (৮ জুলাই) বাদ জোহর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
 
আহসানুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


সম্পর্কিত খবর