ঢাকা

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার চীনা সুতা জব্দ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। সুতা কোথা থেকে আমদানি করা হয়েছে, কোন প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় এখনো যাচাই করছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মডার্ন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল। তবে এ তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান।

পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে এবং ভ্যানচালককে হেফাজতে নেয়। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, জব্দ করা সুতার উৎস ও বৈধতা যাচাই করতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলেও জানা গেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বিটিএমএ পরিচালক কামরুল হাসান একটি ভ্যানসহ ২০ কার্টন চীনা সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে। জব্দ করা সুতার বৈধ আমদানির কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং কোন প্রতিষ্ঠান বা কারখানায় এগুলো নেওয়া হচ্ছিল—এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে।’

প্রাথমিকভাবে সুতার আমদানি ও কর পরিশোধের কাগজপত্র পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ‘যাচাই শেষে বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 


সম্পর্কিত খবর