জামালপুরে মানহানির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। গতকাল সোমবার সি.আর. আমলী আদালত, জামালপুর সদর জামালপুরের বিজ্ঞ বিচারক হাসিবুল্লা পিয়াসের আদালত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী এবং দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও কবি প্রদীপ চন্দ্র মম’কে মানহানির মিথ্যা মামলা থেকে খালাস প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০ এর সহ-সভাপতি লিটন শিকদার গত ২১/০৪/২২ তারিখে ৫০০/৫০১ ধারায় সি.আর. ৫১৩(১)২০২২ মামলা দায়ের করেন। মামলায় বাদী লিটন শিকদারসহ ৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য, বাদীর আবেদন বিচার বিশ্লেষণ ও উভয়পক্ষের আইনজীবির যুক্তিতর্কে বিজ্ঞ আদালতের নিকট বাদীর দায়েরকৃত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিবাদী সাংবাদিকদ্বয়কে খালাস প্রদান করা হয়। এ মামলায় সাংবাদিকদ্বয়ের পক্ষে এ্যাডভোকেট মোতাকাব্বির হোসেন রুবেল ও বাদী পক্ষের এ্যাডভোকেট হুমায়ুন কবির শুনানী করেন। উল্লেখ্য, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কবি প্রদীপ চন্দ্র মম প্রায় দুই বছর আগে (তথ্য প্রমাণ সাপেক্ষে) সংশ্লিষ্ট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি এ মামলার বাদী লিটন শিকদার এর বিরুদ্ধে গেলে তিনি এ মিথ্যা মামলাটি দায়ের করেন।