মিয়ানমারে গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার প্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে সেখানে পৌঁছেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে এবং তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আইএসপিআর
বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধ্বসে পড়া বিল্ডিং পরিদর্শন করে এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। আগামীকাল সরকারি কিছু অফিসের বিল্ডিংয়ে ক্লিয়ারিং অপারেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে, বাংলাদেশ চিকিৎসক দল মিয়ানমারের তিনটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন, এছাড়া অর্থোপেডিক সার্জনগণও একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন।
এ পর্যন্ত মোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং এটি চলমান থাকবে। আগামীকালও উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে অব্যাহত থাকবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম মিয়ানমারের ভূমিকম্প দুর্গতদের জন্য একটি বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সাহায্য অব্যাহত থাকবে।