ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। দুর্বৃত্তদের গুলিতে আহত শরীফ ওসমান বিন হাদী বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এক বার্তায় উপাচার্য বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এ দেশের তরুণদের মাঝে চিরদিন অম্লান হয়ে থাকবে। তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন অকুতোভয় বীর যোদ্ধাকে হারালো। আল্লাহ তাঁকে শহিদের মর্যাদায় জান্নাতবাসী করুন। আমি এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
উল্লেখ্য, ২০২৪ সালে স্বৈরাচার পতন আন্দোলন ও গণঅভ্যুত্থানে শরীফ ওসমান বিন হাদী নেতৃত্বের ভূমিকা পালন করেন। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন তিনি। এতে জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, শহিদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার অবস্থান গ্রহণ করেছিলেন তিনি।