রাজনীতি

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন। এদিকে : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তারা মেডিক্যাল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক কোনো মন্তব্যই করেননি মির্জা ফখরুল। নীরব থেকেই রাতের সফর শেষ করেন তিনি। এর আগে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড।  দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা।

 



সম্পর্কিত খবর