বিনোদন

সুর-শব্দে উড়ছে তাদের ‘প্রজাপতি’

গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন লুইপা। দুজনের এই সৃষ্টিশীল জুটিও বরাবরই প্রশংসা পেয়েছে শ্রোতাদের।

 

 

 

বছর চারেক আগে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় ‘ধীরে ধীরে’ গানে জুটি বেঁধেছিলেন কণ্ঠশিল্পী লুইপা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। সেই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন গীতিকার। এরপর একইসঙ্গে বেশ কিছু গানে পাওয়া গেছে তাদের।

 

সেই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে আসছেন লুইপা ও জীবন।

 

 

গানটির নাম ‘প্রজাপতি’। রবিউল ইসলাম জীবনের কথায় এতে কণ্ঠ দিয়েছেন লুইপা। সুর ও সংগীতায়োজন করেছেন সাম্যব্রত দৃপ্ত। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

 

 

‘প্রজাপতি’র জন্মের পেছনেও রয়েছে মিষ্টি এক গল্প। ঘটনাটি রোজার ঈদের সময়কার। স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জীবন। এক বিকেলে মেয়েকে নিয়ে হাঁটতে বের হন তিনি। রাস্তার পাশের ছোট ছোট গুল্ম ও গাছে তখন উড়ছিল প্রজাপতি।

 

ছোট্ট মাইজাহর চোখে তখন বিস্ময় আর মুগ্ধতা। প্রজাপতিগুলো ছুঁতে চাইছিল সে, ছুটছিল তাদের পেছনেও।

মেয়ের সেই মুগ্ধতার মুহূর্তটি মুঠোফোনে ভিডিও করে রেখেছিলেন জীবন। পরে ঢাকায় ফিরে সেই ভিডিও দেখতে গিয়েই মাথায় আসে গানের ভাবনা।

 

জীবনের কথায়, ‘ঢাকায় আসার পর সেই ভিডিওটা দেখছিলাম। আর ওমনি গানের ভাবনা মাথায় আসে। লিখে ফেলি ‘প্রজাপতি’। যদিও সন্তানকে নিয়েই ভাবনাটা মাথায় এসেছিল; তবে গানটি এমনভাবে লিখেছি, কেউ তার বন্ধু বা প্রেমিক-প্রেমিকাকে ভেবেও শুনতে পারে, যে কোনো সুখের অনুভূতির সঙ্গেই মেলাতে পারবে।’

 

গানটির প্রাথমিক সুর ও সংগীতায়োজনের পর লুইপাকে শোনানো হয়। প্রথমবার শুনেই গানটি পছন্দ করেন তিনি। শুধু গানই নয়, এর পেছনের গল্প শুনেও আবেগাপ্লুত হন লুইপা। তখনই ঠিক করেন, গানটি হবে তাঁর মেয়ে পায়রার জন্মদিনের বিশেষ উপহার।

 

গতকাল ৫ সেপ্টেম্বর ছিল পায়রার জন্মদিন। আর সেই উপলক্ষেই নতুন গানটি প্রকাশ করেছেন লুইপা। এর আগে গানটির ভিডিওর কাজও সম্পন্ন করেন তিনি। চন্দন রায় চৌধুরীর নির্মাণে ভিডিওটিতে নিজের মেয়ে পায়রাকে নিয়েই অভিনয় করেছেন লুইপা।

 

‘প্রজাপতি’ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে লুইপা বলেন, “আমার মৌলিক গানগুলোর মধ্যে ‘প্রজাপতি’ খুব বিশেষ হয়ে থাকবে। আর শ্রোতারা এই গল্প পড়ার আগেই যদি গানটা শুনে ফেলেন, তবে সুরে সুরে, মনে মনে গল্পটাও জেনে যাবেন। চোখের সামনে নিজের প্রজাপতির ছবিটা এমনিতেই ভেসে উঠবে আমার বিশ্বাস।”

 



সম্পর্কিত খবর