হাভিয়ের মাসচেরানো হঠাৎ করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার নিজের দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি।
২০২৪ সালের শেষ দিকে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাসচেরানো খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান। তার অধীনে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি ২০২৫ সালে জেতে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন।
পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি, যা সব সময় মনে থাকবে।’
তিনি আরো বলেন, ‘এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও দলটি আরো বড় সাফল্য অর্জন করবে।’
ক্লাবের মালিকপক্ষও মাসচেরানোর অবদানকে সম্মান জানিয়েছে। জর্জ মাস বলেন, ‘মাসচেরানো সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।
’
এদিকে, সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গিলের্মো হয়োসের হাতে। আগামী ম্যাচে কলরাডো র্যাপিডসের বিপক্ষে তার অধীনেই মাঠে নামবে মায়ামি।