টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল। দাবিকৃত চাঁদা না পেয়ে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর হুমকির মুখে গত ১৪ অক্টোবর) থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে বাস চালাতে সম্মত হন পরিবহন শ্রমিকরা।
বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটি ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছি। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে স্কর্ট ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রতিদিন উভয়দিক থেকে ৩টি করে মোট ৬টি বাস চলাচল করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় দিক থেকে দুটি করে মোট ৪টি বাস চলাচল করবে।
এদিকে বাস চালকরা জানান, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরও অনেক বেড়ে যাচ্ছে। তবে নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।