গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আগুনের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটির কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসীম জানান, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। ফলে খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট নিয়োজিত রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।