বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, পত্তন ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন উচ্চবিদ্যালয় খেলার মাঠ ফুলবাড়িয়ায় এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোখারী মোল্লার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ধরনের মাদকের কারণে তরুণ ও যুবক সমাজ খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছিল। তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের পর জাতীয়তাবাদী সংগঠনের নেতৃবৃন্দরা ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই যুব ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে।” তিনি মনে করেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করতে না পারলে তারা মাদকে আকৃষ্ট হয়ে যাবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনে বেশি আকৃষ্ট হওয়ার ফলে তারা মাঠে খেলাধুলা করছে না। এর ফলস্বরূপ তারা অল্প বয়সেই ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগ থেকে মুক্তি পেতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলি আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন প্রমুখ।